মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সদৃশ এক পুরুষকে বলতে শোনা যায়, “মাশরাফিকে বিসিবির সভাপতি মনোনীত করলাম। মাশরাফি বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য কাজ করবে।” ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, ‘মাশরাফিকে “গ্রিন সিগন্যাল” দিল তারেক রহমান। মাশরাফিই হচ্ছেন বিসিবির নতুন সভাপতি’।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি এককভাবে ৫ লক্ষ ৩০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ২০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে ঘোষণা করার বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারেক রহমানের পুরোনো এক ছবি ব্যবহার করে এই ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনায় কিছু অসঙ্গতি নজরে আসে। কথা বলার সময় উক্ত পুরুষের মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।
ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্ট, ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা গেছে।
পরবর্তী অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ২২ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত তিনটি ছবির দ্বিতীয় ছবিতে থাকা তারেক রহমানের পোশাক, টেবিলের জিনিসপাতি এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত ভিডিওতে থাকা পুরুষের মিল পাওয়া যায়। তারেক রহমানের ছবির বিষয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের পোস্টটির ক্যাপশনে বলা হয়, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়| রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬।’

অর্থাৎ, তারেক রহমানের এই ছবির দৃশ্য দিয়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে ঘোষণা করার বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও।
তথ্যসূত্র
- AI Analysis
- BNP Media Cell – Facebook Post

