তারেক রহমান নতুন ফেসবুক পেজ খুলে সবাইকে ফলো করতে বলেছেন দাবিতে ডিপফেক ভিডিও প্রচার   

সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘জনাব তারেক রহমান 9.9’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ভিডিওতে বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী, আমি তারেক রহমান। আপনাদের একটি দুঃখের সংবাদ দিতে চাই। আপনারা জানেন যে আমার একটা ৫ মিলিয়ন ফলোয়ারের পেজ আছে। জামায়াত শিবিরের রিপোর্টের কারণে সেখানে পোস্ট করতে পারছি না। এর বিকল্প হিসেবে নতুন একটি পেজ খুলেছি নাম হলো ‘জনাব তারেক রহমান 9.9’। যারা আমাকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, তারা এই পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন।”

ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটি ১০ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৫৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান নতুন ফেসবুক পেজ খুলে সবাইকে ফলো করতে বলেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারেক রহমানের পুরোনো ভিন্ন ভিডিওর দৃশ্য ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তারেক রহমানের আসল ফেসবুক পেজে পোস্ট করা যাচ্ছে না দাবি করা হলেও তারেক রহমানের আসল ফেসবুক পেজ পর্যবেক্ষণে দেখা যায় তাতে নিয়মিতই পোস্ট করা হচ্ছে।

ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা কিছু অসঙ্গতি নজরে আসে। কথা বলার সময় উক্ত ব্যক্তির মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্ট, ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা গেছে।

পরবর্তী অনুসন্ধানে বিএনপির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে ২০২৩ সালের ২৭ জুলাই বিএনপির ডাকা ঢাকার মহাসমাবেশ সফল করার আহবান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য দেন। উক্ত ভিডিওর দৃশ্যে তারেক রহমানের পোশাক, পারিপার্শ্বিক অবস্থা এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তির পোশাক, পারিপার্শ্বিক অবস্থা এবং অঙ্গভঙ্গির মিল পাওয়া যায়।

অর্থাৎ, তারেক রহমানের পুরোনো ভিডিওর দৃশ্য দিয়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, তারেক রহমান নতুন ফেসবুক পেজ খুলে সবাইকে ফলো করতে বলেছেন দাবিতে প্রচারিত ডিপফেক ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: