জন্মদিনে জাইমা রহমান সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘জাইমা রহমান Zaima Rahman’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ভিডিওতে জাইমা সদৃশ এক নারীকে বলতে শোনা যায়, “আমি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আমার জন্মদিন উপলক্ষে সবাইকে বিশ হাজার টাকা করে দেওয়া হবে। টাকা পেতে হলে ভিডিওতে ফলো দিতে হবে,লাইক দিতে হবে এবং শেয়ার করতে হবে। কমেন্ট বক্সে আপনার বিকাশ নাম্বার দিয়ে যাবেন। সবাইকে টাকা দেওয়া হবে। যে সবচেয়ে বেশি কমেন্ট এবং বেশি শেয়ার করবে তাকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে।”

ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে।
এই প্রতিবেদনটি লেখা অবধি ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটিতে ৪৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, ১৪ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে এবং ৯ হাজারের বেশি কমেন্ট এসেছে যেগুলোর অধিকাংশগুলোতেই বিকাশ মোবাইল নাম্বার উল্লেখ করা রয়েছে।
উক্ত ভিডিওটি পরবর্তীতে আরো নানা ফেসবুক অ্যাকাউন্ট/পেজ থেকেও প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জন্মদিনে জাইমা রহমান সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং টাকা পেতে বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জাইমা রহমানের পুরোনো ছবি ব্যবহার করে এই ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ‘জাইমা রহমান Zaima Rahman’ নামের যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই পেজটি জাইমা রহমানের আসল পেজ নয়। গত ২৩ ডিসেম্বর পেজটি চালু করা হয়৷ অন্যদিকে জাইমার আসল পেজটির নাম ‘Zaima Rahman’, যেটি গেল বছরের ২৩ নভেম্বর খোলা হয়েছে। এই পেজে এমন কোনো ভিডিওর অস্তিত্ব মেলেনি।
ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা কিছু অসঙ্গতি নজরে আসে। কথা বলার সময় উক্ত নারীর মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।
ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্ট, ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা গেছে।
পরবর্তী অনুসন্ধানে তারেক রহমানের ফেসবুক পেজে গত বছরের ২০ নভেম্বরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমানের একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত ছবিতে জাইমার পোশাক এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত ভিডিওতে থাকা নারীর পোশাক এবং অঙ্গভঙ্গির মিল পাওয়া যায়।

অর্থাৎ, জাইমা রহমানের পুরোনো ছবি দিয়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে জন্মদিনে সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা জাইমা রহমান দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- AI Analysis
- Tarique Rahman: Facebook Post

