জুবাইদা রহমান ৫০ হাজার টাকা সাহায্য প্রদান করছেন দাবিতে ডিপফেক ভিডিও প্রচার  

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘গরিবের-সহায়তা কেন্দ্র’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ভিডিওতে উক্ত নারীকে বলতে শোনা যায়, “এখনও যারা যারা ৫০ হাজার টাকা সাহায্য পাননি তারা পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে বিকাশ নাম্বারটা ইনশাআল্লাহ সবাই পাবেন”। এছাড়াও, কথিত তারেক রহমানকেও ‘ইনশাআল্লাহ’ বলতে শোনা যায়।

ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে

৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি প্রায় ১৪ লক্ষ বার দেখা হয়েছে, ১৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৫ হাজারের বেশি কমেন্ট এসেছে ভিডিওটিতে যেগুলোর অধিকাংশগুলোতেই বিকাশ, নগদের মোবাইল নাম্বার উল্লেখ করা রয়েছে। অনেকে নাম্বার দেওয়ার পাশাপাশি নিজেদের সমস্যার কথাও তুলে ধরছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুবাইদা রহমান সাহায্য প্রদানের জন্য পেজ ফলো করে বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জুবাইদা রহমানের পরিবারের ভিন্ন ঘটনার পুরোনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ‘গরিবের-সহায়তা কেন্দ্র’ নামের যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই পেজটি জুবাইদা রহমান বা বিএনপির সাথে সম্পৃক্ত কোনো আসল পেজ নয়। গত বছরের ১৫ অক্টোবর পেজটি ‘মোজাহের ভাই ২.০’ নামে চালু করা হয় এবং পরবর্তীতে গত বছরের ২৭ ডিসেম্বরে পেজটির নাম পরিবর্তন করে ‘গরিবের-সহায়তা কেন্দ্র’ দেওয়া হয়। অন্যদিকে জুবাইদা রহমানের কোনো আসল ফেসবুক পেজ নেই৷ জাইমা রহমানতারেক রহমান এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত ভিডিওটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা কিছু অসঙ্গতি নজরে আসে। কথা বলার সময় উক্ত নারীর মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা সিংহভাগ বলে জানা গেছে।

পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এর ফেসবুক পেজে গত ১৫ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্টে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে জুবাইদা রহমান, তারেক রহমান ও জাইমা রহমানের একটি ছবির সংযুক্তি পাওয়া যায়। উক্ত ছবিতে জুবাইদা, জাইমা ও তারেক রহমানের পোশাক এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিদের পোশাক এবং অঙ্গভঙ্গির মিল পাওয়া যায়। ছবির সম্পর্কে পোস্টের ক্যাপশনে বলা হয়, গত ১৫ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমানের পরিবার সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

অর্থাৎ, জুবাইদা রহমানের পরিবারের পুরোনো ভিন্ন ঘটনার ছবি দিয়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ভিডিওটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে জুবাইদা রহমান ৫০ হাজার টাকা সাহায্য পেতে পেজ ফলো করে বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: