হাদির সমাধিস্থলে দীপ্তি চৌধুরী ও তার স্বামী দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব। এরই প্রেক্ষিতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির সমাধির সামনে ধারণকৃত দাবিতে তাদের বিয়ের পোশাক পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির সমাধির সামনে দীপ্তি চৌধুরী ও তার স্বামীর প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

বিয়ের পোশাক পরিহিত দীপ্তি চৌধুরী ও তার স্বামী প্রয়াত ওসমান হাদির সমাধিস্থলে ধারণকৃত কোনো ছবি প্রকাশ করলে তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবাদও প্রকাশিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

দীপ্তি চৌধুরীর ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত ছবিটির সন্ধান পাওয়া যায়নি।

উক্ত ছবিটি এআই দ্বারা তৈরি কিনা তা নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯% এবং গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ীও আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।

সুতরাং, ওসমান হাদির সমাধিস্থলে দীপ্তি চৌধুরী ও তার স্বামী দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: