ইসরায়েলের বিমানবন্দরে ইরানের হামলার দৃশ্য নয়, ভিডিওটি যুক্তরাষ্ট্রের পুরোনো ঘটনার 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোসহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

এই প্রেক্ষাপটে ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ক্ষেপনাস্ত্র হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েলের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে একটি বিমানের টায়ার বিস্ফোরণের পর যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে সরিয়ে নেওয়ার দৃশ্য।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, বিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত বছরের ২৭ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে এটির মিল লক্ষ্য করা যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, ডেনভার বিমানবন্দরে একটি বিমানে আগুন লাগার পর যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে আনার দৃশ্য এটি।

পরবর্তীতে দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের একটি টায়ার রানওয়েতে বিস্ফোরিত হয়। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানে থাকা যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত সরিয়ে নেওয়া হয়।


সুতরাং, যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরের একটি পুরোনো ঘটনার ভিডিও ব্যবহার করে ইরানের হামলায় ইসরায়েলের বিমানবন্দরের দৃশ্য দাবিতে ভিডিওটি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র


Share: