নমুনা নোটে থাকা খালেদা জিয়ার ছবি বিকৃত করে প্রকাশ করেনি জনকণ্ঠ, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “১ হাজার টাকার ব্যাংক নোটের ডিজাইন ভাইরাল!” শীর্ষক শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিকৃত ছবি ব্যবহার করে জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খালেদা জিয়ার ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, জনকণ্ঠ কর্তৃক প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ডে থাকা খালেদা জিয়ার ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে গত ০৯ জানুয়ারি বিকেল ০৫:১১ মিনিটে একই শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিতে অমিল লক্ষ্য করা যায়।

জনকণ্ঠের মূল ফটোকার্ডে বেগম খালেদা জিয়ার স্বাভাবিক ছবি থাকলেও আলোচিত ফটোকার্ডটিতে এর স্থলে একটি ব্যঙ্গাত্মক ছবি যুক্ত করা হয়েছে। এছাড়া, ফটোকার্ডের নিচে ‘বিস্তারিত কমেন্টে’ লেখাও অস্পষ্ট এবং অর্থপূর্ণ নয় এমন শব্দের ব্যবহার দেখা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, জনকণ্ঠের এই ফটোকার্ডটির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করেই আলোচিত ছবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত জনকণ্ঠের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ আহমেদের ডিজাইন করা এক হাজার টাকার একটি নমুনা ব্যাংক নোটের কনসেপ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই বিশেষ নোটের সামনের অংশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি এবং পেছনের অংশে জাতীয় সংসদ ভবনের ছবি ব্যবহার করা হয়েছে।

পরবর্তীতে, ঢাবি শিক্ষার্থী সাদ আহমেদের ডিজাইন করা এক হাজার টাকার নমুনা ব্যাংক নোটের বিষয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই পোস্ট থেকেও একই তথ্য জানা যাচ্ছে।

সুতরাং, এক হাজার টাকার নমুনা ব্যাংক নোটে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় খালেদা জিয়ার ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: