“সংসদ ভবনের নকশা মুসলিম স্থপতির মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত”—মারদিয়া মমতাজের নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য মারদিয়া মমতাজের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, তিনি বলেছেন, “বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান ভিন্নধর্মাবলম্বী ছিলেন। যেহেতু আমাদের জাতীয় সংসদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থান, তাই আমি মনে করি এর নকশা কোনো মুসলিম স্থপতির মাধ্যমে নতুন করে সম্পন্ন করা উচিত।”

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান ভিন্নধর্মাবলম্বী ছিলেন। যেহেতু আমাদের জাতীয় সংসদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থান, তাই আমি মনে করি এর নকশা কোনো মুসলিম স্থপতির মাধ্যমে নতুন করে সম্পন্ন করা উচিত।” এমন কোনো মন্তব্য মারদিয়া মমতাজ করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিগুলোর পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণত মারদিয়া মমতাজ এ ধরনের কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, মারদিয়া মমতাজের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto TV” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ২৮ এপ্রিল একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” পেজটিতে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (, , ) প্রকাশ করা হচ্ছে।

অনুসন্ধানে মারদিয়া মমতাজের ফেসবুক প্রোফাইলেও তিনি এই দাবিকে সুস্পষ্ট মিথ্যাচার বলে জানিয়েছেন।

সুতরাং, জাতীয় সংসদের নকশা প্রসঙ্গে মারদিয়া মমতাজের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: