চেন্নাইয়ের হার নিয়ে ডেভন কনওয়ের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

গত ৩০ মার্চ চলমান ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ – আইপিএল’ এ চেন্নাই সুপার কিংস ৮ উইকেটে হারে রাজস্থান রয়্যালসের কাছে। এরই প্রেক্ষিতে এরপর কতিপয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়, চেন্নাই সুপার কিংসের সাবেক কিউই ক্রিকেটার ডেভন কনওয়ে চেন্নাই দলের হারে আক্ষেপ প্রকাশ করে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এইটা বসে বসে দেখা কঠিন। চেন্নাই সুপার কিংসকে রাজস্থান রয়্যালসের কাছে হারতে দেখা সত্যিই কষ্টকর। এই মুহূর্তে আমি পিএসএলের দায়িত্বে ব্যস্ত। কিন্তু চিপকে প্রতিশোধ নেওয়ার কথা সব সময় মাথায় থাকবে।’

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ: আজকের পত্রিকা, ক্রিকফ্রেঞ্জি (ফেসবুক)।

স্বীকৃত গণমাধ্যম ছাড়াও অনলাইন ভিত্তিক নানা ক্রিকেট সম্পর্কিত ফেসবুক পেজ থেকেও আলোচিত দাবি প্রচার করে হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হারে আক্ষেপ প্রকাশ করে আলোচিত মন্তব্য করেননি চেন্নাই সুপার কিংসের সাবেক কিউই ক্রিকেটার ডেভন কনওয়ে। প্রকৃতপক্ষে কনওয়ের নামে পরিচালিত এক ভুয়া এক্স অ্যাকাউন্টের পোস্ট আসল ধরে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ‘@D_Conway88’ ইউজারনেম ও ‘Devon Conway’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চে আলোচিত মূল পোস্টটি করা হয়৷ মূল পোস্টে লেখা হয়, ‘Hard to sit this one out… Watching CSK lose to Rajasthan Royals hurts. Right now I’m locked in with PSL duties, but revenge at Chepauk will always be on my mind’.

পরবর্তী অনুসন্ধানে ডেভন কনওয়ের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত এক্স পোস্টের অনুরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি। বরং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির স্টোরিতে কনওয়েকে আলোচিত পোস্টের বিষয়ে বিবৃতি দিতে দেখা যায়। তাতে তিনি বলেন, ‘সবাই শোনো, দয়া করে আমার নামে চালানো এই ভুয়া এক্স অ্যাকাউন্টটি এড়িয়ে চলো। আমি এক্স বা ফেসবুকে নেই এবং এই অ্যাকাউন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ইতিমধ্যে রিপোর্ট করেছি এবং আশা করছি এটি দ্রুতই সরিয়ে নেওয়া হবে।’ (অনূদিত)

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়াকালীন সময়ে ডেভন কনওয়ের নামে পরিচালিত হওয়া ভুয়া এক্স অ্যাকাউন্টটি সাসপেন্ডেড অবস্থায় আছে।

উল্লেখ্য, ডেভন কনওয়ের এই ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিউজিল্যান্ড ক্রিকেটের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ফলো করা হয়।

সুতরাং, আইপিএলে চেন্নাই সুপার কিংস হারায় আক্ষেপ প্রকাশ করে আলোচিত মন্তব্য কিউই ক্রিকেটার ডেভন কনওয়ে করেছেন শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র

Share: