নির্বাচন বাতিলের দাবিতে ধামরাইয়ে আ.লীগের অবরোধ ও সংঘর্ষের ভিডিও দাবিতে বিএনপির পুরোনো ভিডিও প্রচার

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর প্রেক্ষিতে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার ধামরাইয়ে নির্বাচন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নির্বাচন বাতিলের দাবিতে ধামরাইয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার দাবিটি মিথ্যা। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের কোনো সংঘর্ষের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ধামরাইয়ে নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগের সড়ক অবরোধ কিংবা সংঘর্ষের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ জুলাই মূল ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, ভিডিওটি বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনার।

সেদিনের সংঘর্ষের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে একইদিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দলটির নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এঘটনায় পরবর্তীতে বিএনপির অন্তত ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয় বলেও জানা যায়।

অর্থাৎ, বিএনপি ও পুলিশের সংঘর্ষের পুরোনো ভিডিওকে ধামরাইয়ে নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগের সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, নির্বাচন বাতিলের দাবিতে ধামরাইয়ে আওয়ামী লীগের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: