ঢাকা কলেজের শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে গতকাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে মিছিলের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য এটি।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে

একই দাবির ভিডিও দেখুন টিকটক, ইউটিউবে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনের সময়ের ভিডিও।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে একই মিছিলের একটি স্ক্রিনশট পাওয়া যায়। প্রতিবেদন ও ছবিটির ক্যাপশন সূত্রে জানা যায়, সে সময় সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘অবমাননা করা হয়েছে’ দাবি করে মধ্যরাতে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই দৃশ্যটি মিছিল নিয়ে ঢাবির হলের শিক্ষার্থীদের টিএসসি অভিমুখে যাওয়ার।

আরো অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে ১৫ জুলাই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অর্থাৎ, এটা নিশ্চিত যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: