ঢাকায় ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের পুরোনো মিছিলের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে যে, এটি ইফতারের পর ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের একটি মিছিলের দৃশ্য। ভিডিওটি গত ৪ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ছাত্রলীগের মিছিলের হলেও এটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের মার্চ মাসে চট্টগ্রামে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে গত বছর ২৫ মার্চ প্রকাশিত প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে বর্তমানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৫ সালের ২৫ মার্চ সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের দৃশ্য। সেদিন সন্ধ্যা ছয়টার দিকে নগরের চটেশ্বরী সড়কে ৩০ থেকে ৪০ জন তরুণকে এই মিছিল করতে দেখা যায়। মিছিলে শেখ হাসিনা এবং স্বাধীনতা দিবসকে ঘিরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল।

এ বিষয়ে আরও অনুসন্ধানে বর্তমানে প্রচারিত ভিডিওর সঙ্গে সাদৃশ্যপূর্ণ দৃশ্য সংবলিত ২০২৫ সালের ২৫ মার্চ প্রকাশিত আজকের পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ইফতার চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে চকবাজার থানাধীন চটেশ্বরী রোডে একটি ঝটিকা মিছিল বের করে। এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, “ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল।”

সুতরাং, ঢাকায় ইফতারের পর ছাত্রলীগের মিছিল দাবিতে গত বছর চট্টগ্রামে ইফতারের সময় ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: