সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে রাজধানী ঢাকা উত্তাল দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। ভিডিওটি দেখা হয়েছে অন্তত আড়াই হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে কোনো আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে গত ২৩ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩ মিনিট ৩ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, গত ২৩ নভেম্বরে, ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা পুলিশের বাধার মুখে ব্যারিকেড সরিয়ে শাহবাগে প্রবেশ করে। এটি মূলত সেই ঘটনারই দৃশ্য।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘বিডিনিউজ২৪’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ২৩ নভেম্বরে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির সময় বাড়ানোর দাবিতে শাহবাগে অবরোধ ও অনশনসহ ধারাবাহিক আন্দোলন চলছে।
এছাড়া, ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে একই তথ্য উঠে এসেছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে গত ২৩ নভেম্বরে পুলিশের বাধার মুখে ব্যারিকেড সরিয়ে শাহবাগে প্রবেশ করার ভিডিওকে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


