গত ১৯ নভেম্বর থেকে ‘এইমাত্র ঢাকায় ভয়াবহ জ*ঙ্গি হা/ম/লা #terrorist_attack #dhakabangladeshシ゚’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকায় কোনো জঙ্গি হামলা হয়নি এবং ভিডিওটির সাথেও জঙ্গি হামলার সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত সেপ্টেম্বর মাসে ঢাকায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বাংলাদেশ টিভির ইউটিউব চ্যানেলে গত ০৫ সেপ্টেম্বর ‘কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভা’ঙ’চুর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ১৫:৫০ থেকে ১৭:১৫ সেকেন্ড পর্যন্ত অংশটির দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। উল্লেখিত অংশে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য দেখা যায়, যেমন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ভ্যান থেকে পানি নিক্ষেপ করে আগুন নেভানোর দৃশ্য, অগ্নিসংযোগের স্থানের বামে ‘৬৩, কাকরাইল, রমনা, ঢাকা-১০০০’ ঠিকানায় ‘REAZ MOTORS’ নামক একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখা যায়।
বাংলাদেশ প্রতিদিনের ভিডিও প্রতিবেদনটির বিবরণী থেকে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে আবার জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ভ্যান থেকে পানি নিক্ষেপ করে উক্ত আগুন নেভানো হয়।
একই বিষয়ে দীপ্ত নিউজ ও দেশ টিভির ভিডিও প্রতিবেদনেও এই ঘটনায় ভিন্ন দিক থেকে ধারণকৃত ভিডিও পাওয়া যায়।
সুতরাং, গত সেপ্টেম্বরে জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকায় জঙ্গি হামলা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- বাংলাদেশ প্রতিদিন – কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভা’ঙ’চুর
- Deepto News – জাতীয় পার্টির অফিসে আগুন, সরাসরি…
- Desh TV – জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, উত্তপ্ত কাকরাইল এলাকা!


