রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে উপস্থিত আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরী দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে গিয়াস উদ্দিন তাহেরীর ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে। এটি সর্বপ্রথম গিয়াস উদ্দিন তাহেরীর নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে নেটিজেনরা বাস্তব দাবিতে প্রচার করেন।
স্বাভাবিকভাবে, গিয়াস উদ্দিন তাহেরী শেখ মুজিবুর রহমানের ছবির সামনে এভাবে ছবি তুললে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ আকারে প্রকাশ হওয়ার কথা। কিন্তু, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি গিয়াস উদ্দিন তাহেরীর অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য কিংবা ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক (১, ২) এআই ডিটেকশন টুল দিয়ে দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

ভুয়া দাবির সূত্রপাত
এরপর আলোচিত ছবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে “গিয়াস উদ্দিন তাহেরী” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ছবিটি পাওয়া যায়।

পাশাপাশি, আলোচিত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি গত ১৭ মার্চ খোলা হয়েছে। এটিতে মাত্র ১৯ হাজার ৪শো জনের মত ফলোয়ার রয়েছে। অন্যদিকে, গিয়াস উদ্দিন তাহেরীর অফিসিয়াল ফেসবুক পেজটি ২০১৯ সালের ২৬ জানুয়ারি খোলা হয়েছে এবং এটিতে ফলোয়ার রয়েছে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার।
অর্থাৎ, গিয়াস উদ্দিন তাহেরীর নাম ও ছবি ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক পেজ থেকে আলোচিত দাবি সংবলিত ছবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দৃশ্যমান গিয়াস উদ্দিন তাহেরীর ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Mufti Gias Uddin Tahery: Facebook Page
- SynthID Detector: Identify content made with Google’s AI
- DeepFake-O-Meter
- Hive Detect AI
- Rumor Scanner’s Analysis


