সাম্প্রতিক সময়ে ধানমন্ডিতে শেখ হাসিনার ‘মুক্তির’ জন্য মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই প্রেক্ষিতে, ‘১৯তারিখ শেখ হাসিনার মুক্তির দাবিতে আমরা সবাই ধানমন্ডি ৩২ মিছিলে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার মুক্তির দাবিতে ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত আগস্টে ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ইউটিউব চ্যানেলে গত ৩১ আগস্ট ‘ধানমন্ডিতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল; ‘জয় বাংলা’ স্লোগান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ৩১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় হঠাৎ করেই ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল শেষ হওয়ার পর এটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমার বরাতে বলা হয়, বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানতে পারি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালে কাউকে আর পাওয়া যায়নি। তারা সবসময় অল্প সময়ের জন্য মিছিল করে।
সুতরাং, গত আগস্টে ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Business Standard – ধানমন্ডিতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল; ‘জয় বাংলা’ স্লোগান
- Jugantor – ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

