ট্রাম্পের পেছনে শেখ মুজিব ও জয়ের ছবি সংবলিত ভিডিওটি সম্পাদিত


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেছনে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি প্রদর্শিত হচ্ছে এবং ট্রাম্প উঠে গিয়ে সেটি দেখছেন।

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ফেসবুক পোস্টটি এককভাবে ৩ লক্ষ ২০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেছনে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি প্রদর্শিত হওয়ার ভিডিওটি আসল নয়৷ প্রকৃতপক্ষে আসল ভিডিওতে ট্রাম্পের পেছনে জয় বা শেখ মুজিব কারোরই ছবি প্রদর্শিত হয়নি বরং সেখানে একটি দরজা/জানালা ছিল যা দিয়ে ট্রাম্প বাইরের দৃশ্য দেখছিলেন। উক্ত ভিডিও সম্পাদিত করে তাতে ট্রাম্পের পেছনে শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘DWS News’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ৪৭ সেকেন্ড পরবর্তী সময়ে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। তবে মূল ভিডিওতে ট্রাম্পের পেছনে জয় বা শেখ মুজিব কারোরই ছবি প্রদর্শিত হয়নি। মূল ভিডিওতে ট্রাম্পের পেছনে একটি দরজা/জানালা দেখা যায় যার গ্লাস দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল।

ভিডিওর বর্ণনা অংশে বলা হয়, ‘একটি উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জ্বালানি খাতের শীর্ষ কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে—যাদের মধ্যে শেভরন, এক্সনমোবিল, কনোকোফিলিপস, শেলসহ আরও অনেকে ছিলেন—বৈঠক করেন। সেখানে তারা ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনরুজ্জীবিত করা এবং বহু-বিলিয়ন ডলারের বিনিয়োগ সুযোগ গড়ে তোলার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।’ (অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে মার্কিন সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’সহ আরো একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উক্ত আসল দৃশ্যের সংযুক্তিসহ প্রতিবেদন পাওয়া যায়। কোনো প্রতিবেদনে এ ঘটনার আসল দৃশ্যে জয় বা শেখ মুজিবের ছবি দেখা যায়নি। আসল দৃশ্যের বিষয়ে ‘ইউএসএ টুডে’ এর প্রতিবেদনে বলা হয়, ‘৯ জানুয়ারি ২০২৬, হোয়াইট হাউসের ইস্ট রুমে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালা দিয়ে তাকিয়ে তার নতুন বলরুমের নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন।’ (অনূদিত)

সুতরাং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেছনে শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি প্রদর্শিত হওয়ার ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: