এনসিপি নেত্রী দিলশানা পারুলকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘লোডশেডিংয়ে ঠিকমতো সার্ভিস দিতে পারছেনা দিলশানা পারুল’ শিরোনামে আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী দিলশানা পারুলের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপি নেত্রী দিলশানা পারুলকে জড়িয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৯ এপ্রিল ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতকারী ‘Daily Amader Desh’ নামক ফেসবুক পেজটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে উক্ত ফেসবুক পেজটির বায়ো, লোগো ও কাভার ফটো থেকে প্রতীয়মান হয় যে, এটি জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো ও অন্যান্য বিষয়বস্তু নকল করে এবং ‘আমার দেশ’ নামটির স্থলে কিঞ্চিৎ পরিবর্তন করে ‘আমাদের দেশ’ নামটি ব্যবহার করে সংবাদমাধ্যম পরিচয়ে পেজটি পরিচালনা করছে৷ এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক পোস্ট পাওয়া যায় যেখানে নিয়মিত আমার দেশ এর প্রচলিত ফটোকার্ড ব্যবহার করে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।

সুতরাং, এনসিপি নেত্রী দিলশানা পারুলের ছবি যুক্ত করে ‘লোডশেডিংয়ে ঠিকমতো সার্ভিস দিতে পারছেনা দিলশানা পারুল’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: