দিনাজপুরে শহীদ মিনারে ফুল দিতে জাপাকে বাধা ও পরে এনসিপি কর্মীদের গণধোলাই দাবিতে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, দিনাজপুর শহীদ মিনারে ফুল দিতে বাধা হয়েছে জাতীয় পার্টিকে। পরে এনসিপিকে জাতীয় পার্টির নেতা কর্মীরা গণধোলাই দেয়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। উক্ত ভিডিওটি এ পর্যন্ত প্রায় ৮ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দিনাজপুর শহীদ মিনারে ফুল দিতে জাপাকে বাধা ও পরে এনসিপি কর্মীদের গণধোলাই দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ঢাকায় ফুল দিতে গিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের বাধা পাওয়ার ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ইউটিউব চ্যানেলে ২১ ফেব্রুয়ারি ‘শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে জনরোষ ও হা মলার শিকার জাতীয় পার্টি’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর ফুটেজে থাকা ব্যক্তিদের সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিদের মিল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন জানায়, এটি ঢাকায় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরের ঘটনা। সে সময় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে জনরোষ ও হামলার শিকার হয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। তবে উক্ত ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির কর্মীরা গণধোলাইয়ের শিকার হয়েছে বলে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

তাছাড়া, এই ভিডিওতে মারধরের কোনো ফুটেজও ছিল না। এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ভিডিও পাওয়া যায়নি।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৮৭ শতাংশ থেকে ৯২ শতাংশ বলে জানা গেছে।

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাত ২টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি। এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়েন।

পরবর্তী অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে দিনাজপুরে এ সংক্রান্ত কোনো ঘটনার তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, দিনাজপুরে শহীদ মিনারে ফুল দিতে জাপাকে বাধা ও পরে এনসিপি কর্মীদের গণধোলাই দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: