দীপু মনি কারামুক্তির দাবিটি ভুয়া, প্রচারিত ছবিটি ২০২৪ সালের

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি কারাগারে আছেন। সম্প্রতি রাষ্ট্রপতির হস্তক্ষেপে বিশেষ ক্ষমতা আইনে স্থায়ী জামিন পেয়ে তিনি কারামুক্ত হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. দীপু মনি স্থায়ী জামিনে কারামুক্ত হননি এবং প্রচারিত ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জানুয়ারিতে ডা. দীপু মনি নতুন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানানোর ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে চাঁদপুরের স্থানীয় গণমাধ্যম ‘চাঁদপুর প্রতিদিন’ এর ওয়েবসাইটে ‘সমাজকল্যাণ মন্ত্রী হলেন ডা. দীপু মনি, বিভিন্নজনের অভিনন্দন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য দীপু মনি মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান৷ তৃতীয়বারের মতো মন্ত্রী হওয়ায় এবং নতুন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলের নেতাকর্মীসহ অনেকে। প্রতিবেদনে সংযুক্ত ছবিতে দীপু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. জে আর ওয়াদুদ টিপু, আইয়ুব আলী বেপারী, জাফর ইকবাল মুন্না, এড. সাইফুদ্দিন বাবুসহ অনেকে।

অর্থাৎ, প্রচারিত ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।

বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার বিশেষ ক্ষমতাবলে ডা. দীপু মনির স্থায়ী জামিন মঞ্জুর আদেশ প্রদান করলে এ বিষয়ে গণমাধ্যমে গুরুত্বসহকারে সংবাদ প্রচারিত হতো৷ তবে, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ বরং, একাধিক গণমাধ্যম (, ) সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা যায় যে, দীপু মনি এখনো কারাগারে রয়েছেন।

সুতরাং, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি স্থায়ী জামিনে কামামুক্ত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: