২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি কারাগারে আছেন। সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হয়ে তার নির্বাচনী এলাকা চাঁদপুরে গিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১৯ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১১ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি জামিনে কারামুক্ত হননি এবং তার চাঁদপুর ভ্রমণ দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জানুয়ারি মাসে তার চাঁদপুর ভ্রমণের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘প্রজন্ম একাত্তর’ নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ১২ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:০০ থেকে ০১:৪০ পর্যন্ত অংশর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২৪ সালের ১২ জানুয়ারি তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে গেলে দলীয় নেতা-কর্মীরা চাঁদপুর সার্কিট হাউজে তাকে অভ্যর্থনা দেয়। উক্ত ভিডিওটি উল্লেখিত ঘটনার দৃশ্য।
পরবর্তীতে, গণমাধ্যম কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ১৩ জানুয়ারি হালনাগাদকৃত ‘দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব : সমাজকল্যাণমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিতে দীপু মনির পরিহিত শাড়ি, শাল ও অন্যান্য অনুষঙ্গের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতিবেদনে সংযুক্ত ছবিটি ২০২৪ সালের ১২ জানুয়ারি চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে দীপু মনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদানকালের দৃশ্য।
একই বিষয়ে যুগান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, একাধিক গণমাধ্যম (১, ২) সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা যায় যে, দীপু মনি এখনো কারাগারে রয়েছেন।
সুতরাং, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি কামামুক্ত হয়ে সাম্প্রতিক সময়ে চাঁদপুর ভ্রমণ করেছে দাবিতে ২০২৪ সালে তার চাঁদপুর ভ্রমণের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- প্রজন্ম একাত্তর – Facebook Post
- কালবেলা – দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব : সমাজকল্যাণমন্ত্রী
- যুগান্তর – সমাজকল্যাণে দায়িত্ব পেয়ে যা বললেন দীপু মনি


