ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার জন্য জামায়াতকে দায়ী করেননি ওসমান হাদি

সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি বলেছেন “ফুয়াদ ভাইকে বাবুগঞ্জ জামায়াতের লোকজন হেনস্তা করার চেষ্টা করেছে” এমন বক্তব্য যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। প্রচারিত পোস্টে সাড়ে তিন হাজারের অধিক দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি জামায়াতকে অভিযুক্ত করে এমন কোনো বক্তব্য দেয়নি। প্রকৃতপক্ষে, তিনি বলেছেন ব্যারিস্টার ফুয়াদ ভাইকে হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। উক্ত বক্তব্যকেই বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে, ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে ৭ ডিসেম্বরের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে ওসমান হাদি লিখেছেন, “ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আজ হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। এটা খুব খারাপ নজির স্থাপিত হইলো। ফুয়াদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবো ইনশাআল্লাহ।”

এ বিষয়ে আরও অনুসন্ধানে, কালের কণ্ঠের ৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবেন। এবং তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে উক্ত হামলার দায় বাবুগঞ্জ বিএনপিকে দিয়েছেন।

এছাড়া, ওসমান হাদির ফেসবুক পেজ বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি

সুতরাং, ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা প্রসঙ্গে ওসমান হাদির নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: