সম্প্রতি, ‘একজন ডাক্তারের কিভাবে রোগীর লগে আচরণ করলেন বিএনপির লোকেরা দেশটাকে মগের মুলুক পাইছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর দাবিটি সঠিক নয় এবং ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে একটি হাসপাতালের ওয়ার্ডে ঢুকে এক মানসিক ভারসাম্যহীন নারী রোগীকে এক পুরুষ নিরাপত্তারক্ষীর মারধরের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Aaj Tak এর বাংলা সংস্করণের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৬ জুন ‘সরকারি হাসপাতালে মহিলাকে অত্যাচার, ছবি Viral’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জিলা হাসপাতালে একজন মানসিক ভারসাম্যহীন নারী রোগী ভুল করে অন্য ওয়ার্ডে ঢুকে পড়েন। তারপর সেখানে অন্য যে সকল রোগী রয়েছেন তাদের উপর অত্যাচার করছিলেন তিনি। সে কারণেই হাসপাতালের নিরাপত্তারক্ষীকে ডাকা হয়। তখনই এই মারধরের ঘটনা ঘটে।
পরবর্তীতে, এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, বাংলাদেশে রোগীকে ডাক্তারের মারধরের দৃশ্য দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে নিরাপত্তারক্ষী কর্তৃক রোগীকে মারধরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


