সম্প্রতি, ‘ঢাকার ফাকা গলিতে হঠাৎ ছি*নতাই করার চেষ্টা, রাস্তার কুকুরের সাহসিকতায় বেঁচে গেল মহিলাটি!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নারীর ওপর ছিনতাইকারী হামলার চেষ্টা করলে কুকুরটি এগিয়ে এসে ছিনতাইকারীকে ধাওয়া দেয়, ফলে নারীটি রক্ষা পান।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি আসল কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে ঘটনার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। সেখানে ঘটনাটির স্থান, সময় বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও কোনো তথ্য নেই। দেশের কোনো মূলধারার গণমাধ্যমেও এমন ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি, কথিত ভুক্তভোগী নারীর পরিচয়ও প্রকাশ্যে আসেনি। বাস্তবে এমন ঘটনা ঘটলে অন্তত এসব তথ্যের কিছু না কিছু পাওয়া যাওয়ার কথা।
এ বিষয়ে আরও অনুসন্ধানে, ‘Belal Ahmmed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৮ মার্চ আলোচিত ভিডিওটি পোস্ট হতে দেখা যায়। অ্যাকাউন্টটির পরিচিতি অংশে উল্লেখ রয়েছে, সেখানে বিনোদনের উদ্দেশ্যে এআই-তৈরি কনটেন্ট প্রকাশ করা হয় এবং এসব ঘটনার সঙ্গে বাস্তব কোনো ব্যক্তির সম্পৃক্ততা নেই।
এছাড়া, রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে ভিডিওটিতে এআই-তৈরি কনটেন্টের বেশ কিছু অসংগতি শনাক্ত করা যায়। বিষয়টি আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল সাইটএঞ্জিনে ভিডিওটি পরীক্ষা করা হয়। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

সুতরাং, ঢাকার রাস্তায় ছিনতাইকারীর হাত থেকে কুকুরের এক নারীকে উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-তৈরি।
তথ্যসূত্র
- AI Analysis
- Rumor Scanner’s analysis


