বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এআই ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আমরা বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা দ্রুত কার্যকর হবে। বাংলাদেশে আমরা কোনো মৌলবাদকে এবং জঙ্গী সমর্থক কোনো দলকে ক্ষমতায় চাই না।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, তার একটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এর সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর আরও অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর ওয়েবসাইটে ২০১৭ সালের পহেলা নভেম্বর ‘Trump’s Official Portrait Resembles a Smiley Emoji’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ছবিতে ট্রাম্পের পরিহিত পোশাক ও ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা পোশাক ও ব্যাকগ্রাউন্ডের মিল লক্ষ্য করা যায়।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট’ এ পরীক্ষা করে রিউমর স্ক্যানার। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ। 

অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্পের পুরোনো একটি ছবি এআই প্রযুক্তির সহযোগিতায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ডোনাল্ড ট্রাম্পের একটি ডিপফেক ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: