‘আ.লীগ ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ’ শীর্ষক মন্তব্য করেননি ড. কামাল

সম্প্রতি বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য প্রচার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আওয়ামী লীগ ছাড়া অসম্পূর্ণ বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলেই কেবল পূর্ণতা পাবে হাহাকারভর্তি মানুষের জীবন।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সম্পর্কে আলোচিত এই মন্তব্য ড. কামাল হোসেন করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই মন্তব্যটি তার নামে এটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে তাতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও ড. কামাল হোসেনের এমন মন্তব্য করার তথ্য মিলেনি। ড. কামাল হোসেনের মতো একজন ব্যক্তির এ ধরনের বক্তব্য থাকলে তা নিয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ প্রকাশ হওয়ার কথা।

এ বিষয়ে রিউমর স্ক্যানারকে ড. কামালের কন্যা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন জানান, ড. কামাল হোসেন এ মন্তব্য করেননি। তিনি অসুস্থ এবং কয়েক মাস ধরে জনসমক্ষে কথা বলেননি।

সুতরাং, আওয়ামী লীগ বিষয়ে ড. কামাল হোসেনের নামে প্রচারিত এই মন্তব্য ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • Statement from Sara Hossain
Share: