বাংলাদেশে না ফেরার কথা বলেননি ড. ইউনূস, ভাইরাল মন্তব্যটি বানোয়াট

সম্প্রতি, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “আমার আর বাংলাদেশে ফেরার ইচ্ছা নাই” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়াও, মূলধারার সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর লোগোর সংযুক্তিসহ কালের কণ্ঠের ই-পেপার সংস্করণের ছবি দাবিতে একটি স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত স্ক্রিনশটে দাবি করা হয়েছে, ড. ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ আমাকে খুবই কষ্ট দিয়েছে, আমি আর বাংলাদেশে যেতে চাই না’।

আলোচিত দাবিতে কালের কণ্ঠের ই-পেপার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি করেননি ড. মুহাম্মদ ইউনূস। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও, কালের কণ্ঠের ই-পেপার দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) তৈরিকারী প্রতিষ্ঠান ওপেনএআই এর এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। ড. মুহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ১ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, অনুরূপ দাবিতে জাতীয় দৈনিক কালের কন্ঠের অনলাইন সংস্করণের স্ক্রিনশট দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে তারিখ হিসেবে ৬ জুন ২০২৫ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে কালের কণ্ঠের ওয়েবসাইটে থাকা তাদের ই-পেপার আর্কাইভ পর্যবেক্ষণ করলে ঐ তারিখে কালের কণ্ঠ থেকে কোনো পত্রিকা প্রকাশ হতে দেখা যায়নি। এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যুগান্তর’ সূত্রে জানা যায়, ২০২৫ সালে ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সংবাদপত্র বন্ধ ছিল। অর্থাৎ, উল্লিখিত ৬ জুন ২০২৫ তারিখে কালের কণ্ঠ কোনো পত্রিকাই প্রকাশ করেনি।

কালের কণ্ঠের পত্রিকার স্ক্রিনশট দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ফন্টের আকার ও ডিজাইনে অস্বাভাবিকতা ও অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, প্রচারিত কালের কণ্ঠের কথিত ই-পেপার এর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এর ওয়েবসাইটে যাচাই করলে ছবিটি ওপেনএআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি বলে জানা যায়।

উল্লেখ্য, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ড. ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সে অনুযায়ী, তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা এবং প্রটোকল সুবিধা পাচ্ছেন এবং বুধবার (২৭ মে) সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

পরবর্তীতে, ফ্রান্স ও নেদারল্যান্ড সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস।

সুতরাং, ‘আমার আর বাংলাদেশে ফেরার ইচ্ছা নাই’ শিরোনামে ড. ইউনূসকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং এরূপ দাবিতে কালের কণ্ঠের সংবাদের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: