সম্প্রতি, ‘রাষ্ট্রদহ মামলায় ড ইউনূসকে ফাঁসি রায় দিল ট্রাইবুনাল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসির রায় দেয়নি ট্রাইবুনাল। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
১ম ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে গত বছরের ১৭ নভেম্বর ‘যেসব অভিযোগে মৃত্যুদণ্ড হলো শেখ হাসিনার’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৬ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। তবে উক্ত ভিডিওর কোথাও ড. ইউনূসের ফাঁসির রায় সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে গত বছরের ১৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি ড. ইউনূসের ফাঁসির রায় সম্পর্কিত নয়।
২য় ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ নভেম্বর ‘ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও ৮ মামলা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও ৮টি মামলা করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে ‘গ্রামীণ টেলিকম’র সাবেক ৮ কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। ঢাকার তৃতীয় শ্রম আদালতে ৯ নভেম্বর (২০২২) মামলাগুলো দায়ের করা হয়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। মূলত এ ঘটনার প্রেক্ষিতেই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসির রায় দেওয়ার দাবিতে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ATN News Live – যেসব অভিযোগে মৃত্যুদণ্ড হলো শেখ হাসিনার
- BSS – শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- Channel 24 – ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও ৮ মামলা
- Daily Inqilab – ড. ইউনূসের বিরুদ্ধে নতুন ৮ মামলা
- Janakantha – এবার ফেঁসে যাচ্ছেন ড. ইউনূস? রাষ্ট্রদ্রোহের মামলার ঘোষণা!


