সম্প্রতি ‘তারেক রহমান এর থেকে আমাদের শহীদ ওসমান হাদী, হাসনাত আব্দুল্লাহ অনেক ভালো..। কারণ তারা দেশের জন্য নিজের জান দিতেও দ্বিধাবোধ করে না। আর তারা তো ১৭ বছর পালিয়ে ছিলো..!’ শিরোনামে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দাবিতে একটি ফটোকার্ড টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে উদ্দেশ্য করে ড. মুহাম্মদ ইউনূস এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস এরূপ কোনো মন্তব্য করলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
ড. মুহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ‘তারেক রহমান এর থেকে আমাদের শহীদ ওসমান হাদী, হাসনাত আব্দুল্লাহ অনেক ভালো..। কারণ তারা দেশের জন্য নিজের জান দিতেও দ্বিধাবোধ করে না। আর তারা তো ১৭ বছর পালিয়ে ছিলো..!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Muhammad Yunus – Facebook Page


