খালেদা জিয়ার অসুস্থতার কারণে ড. ইউনূস নির্বাচন স্থগিত করেছেন দাবিতে যুগান্তরের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এদিকে আগামী বছর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘নির্বাচনের তারিখ নতুন করে ঘোষণা করা হবে’ শিরোনামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘খালেদা জিয়া যতদিন সুস্থ না হয় বাংলাদেশের নির্বাচন হবে না এবং তিনি সুস্থ হওয়ার পরেই নির্বাচনের তারিখ নতুন করে ঘোষণা করা হবে বলেন ডক্টর ইউনুস’।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৫ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, যুগান্তরের লোগোযুক্ত একটি ফটোকার্ড তৈরি করে কোনোপ্রকার তথ্যসূত্র ব্যতীত আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে যুগান্তরের লোগো রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যুগান্তরের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

পরবর্তীতে, এ বিষয়ে অনুসন্ধানে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৮ নভেম্বর প্রকাশিত একটি পোস্টে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। পরবর্তীতে, খালেদা জিয়ার জন্য দোয়া করে ও দোয়া প্রার্থনা করে পেজটিতে একাধিক (, ) পোস্ট প্রচার করা হয়। উক্ত এসব পোস্টে কিংবা পেজটির অন্য কোনো পোস্টে খালেদা জিয়ার অসুস্থতার কারণে আসন্ন নির্বাচন স্থগিত করা কিংবা নির্বাচনের তারিখ নতুন করে ঘোষণা করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

যুগান্তর ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: