নাটকের শুটিংয়ের দৃশ্যকে আ.লীগ ও ছাত্রলীগ কর্মীর ওপর নির্যাতনের দাবিতে প্রচার

লক্ষ্মীপুর জেলার দালাল বাজার জমিদার বাড়িতে আওয়ামী লীগের এক কর্মীকে ছাত্রদল কর্তৃক পিটিয়ে রক্তাক্ত করার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ছাত্রলীগ কর্মীকে বিএনপি কর্তৃক নির্যাতনের দৃশ্য বলেও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি পুরোনো অবকাঠামোর সঙ্গে রশি দিয়ে যুব বয়সী এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটানো হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ছাত্রদল বা বিএনপি কর্তৃক ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মীকে নির্যাতনের কোনো বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, একটি নাটকের শুটিংয়ের দৃশ্যকে আলোচিত দাবিগুলোতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Atvlive.news এটিভিলাইভ.নিউজ’ নামের একটি ফেসবুক পেজে গত ৫ জুলাই একই দৃশ্য সংবলিত একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, এটি লক্ষ্মীপুরের দালাল বাজারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের দৃশ্য। তবে পোস্টটির মন্তব্যঘরে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এটি বাস্তব কোনো ঘটনা নয়; বরং শুটিংয়ের দৃশ্য।

পরবর্তীতে মন্তব্যকারী একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের সূত্রে ‘SH AN To’ নামের একটি ফেসবুক প্রোফাইলের সন্ধান পাওয়া যায়। প্রোফাইলটিতে গত ৭ জুলাই আলোচিত ভিডিও সম্পর্কে একটি পোস্ট১ করে জানানো হয়, ভিডিওটি বাস্তব কোনো ঘটনা নয়। এটি পরিকল্পিতভাবে শুট করা কনটেন্ট। পাশাপাশি, যাচাই না করে ভিডিওটি ভিন্ন দাবিতে প্রচার করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তার ওই পোস্টের ক্যাপশনে একটি ইউটিউব ভিডিওর লিংক দেওয়া হয়। লিংকটিতে প্রবেশ করে ‘Team Of Huknamuri’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘অন্ধ | বয়রা | বোবা | ২’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। গত ২৫ জুন প্রকাশিত ভিডিওটির শিরোনাম অনুযায়ী, এটি একটি কমেডি ও অ্যাকশন নাটক। নাটকটির ২ মিনিট ৪৮ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

এছাড়া, চ্যানেলটির নামে একটি ফেসবুক পেজও রয়েছে। সেখানেও তাদের নির্মিত এমন আরও অভিনীত কনটেন্ট পাওয়া যায়।

সুতরাং, নাটকের শুটিংয়ের দৃশ্যকে ছাত্রদল বা বিএনপি কর্তৃক ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মীকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: