সম্প্রতি, ‘বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউসের মদ্যপ অবস্থায় হাসপাতালে মাতলামির দৃশ্য।..’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই৷ প্রকৃতপক্ষে, ভারতের রাজস্থানের একটি হাসপাতালে এক মদ্যপ তরুণীর কর্মকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে Apni Batan নামক ইউটিউব চ্যানেলে গত ২৯ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের মালভিয়া নগর এলাকার রাস্তায় এক তরুণী মদ্যপ অবস্থায় হট্টগোল সৃষ্টি করে। অভিযোগ উঠেছে, সে একটি ক্যাবের জানালা ভেঙেছে, চালককে মারধর করেছে এবং ওই তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসাকর্মীদের সঙ্গেও সে অভদ্র আচরণ করে।
পরবর্তীতে, এ বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক নিউজ পোর্টাল Mahanagar 24×7 এর ফেসবুক পোস্ট এবং VIZHPUNEET নামক ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্টের পোস্ট থেকেও একই তথ্য জানা যায়।
এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসের ফেসবুক প্রোফাইলের লিংক সংযুক্ত করা হয়। জান্নাতুল ফেরদৌসের ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত তার ছবির ছবির সঙ্গে প্রচারিত ভিডিওর তরুণীর চেহারার মিল পাওয়া যায়নি।

সুতরাং, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসের মদ্যপ অবস্থার ভিডিও দাবিতে ভারতের জয়পুরের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Apni Batan – YouTube Video
- VIZHPUNEET – X Post
- Mahanagar 24×7 – Facebook Post
- Jannatul Ferdous – Facebook Post


