শিশুদের হামে মৃত্যু নিয়ে অধ্যাপক সায়মা ফেরদৌসের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস “আমাকে নিয়ে এত মাতামাতির কিছু নেই। আর হাম নিয়েও এত বাড়াবাড়ির কিছু নেই। হামে আক্রান্ত হয়ে শিশু মারা গেলে, সেটা তো আমি থামিয়ে রাখতে পারব না।” এমন মন্তব্য করেছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি চৌধুরী সায়মা ফেরদৌস করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ১৪ মে একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” এছাড়া, পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (, , ) প্রকাশ করা হয়েছে।

চৌধুরী সায়মা ফেরদৌস এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, অধ্যাপক সায়মা ফেরদৌসকে উদ্ধৃত করে শিশুদের হামে মারা যাওয়ার প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Gupto Television – Facebook Post
  • Chowdhury Saima Ferdous Facebook Profile
  • Rumor Scanner’s own analysis
Share: