তেল আবিবে ইরানের হামলার দৃশ্য দাবিতে দুবাইয়ের পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার 

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ঘটনার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ভিডিওটি ইসরায়েলের তেল আবিব শহরে ইরানের হামলার দৃশ্য। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরান কর্তৃক ইসরায়েলের তেল আবিবে হামলার দৃশ্য নয়, এমনকি এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের শিল্পাঞ্চলীয় উম্মে রামুল এলাকায় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণকৃত।

এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বের অন্যতম বৃহৎ ইউজার-জেনারেটেড ভিডিও লাইব্রেরি Newsflare এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি দুবাইয়ের উম্মে রামুল এলাকায় গুদামে আগুন লাগার ঘটনার দৃশ্য।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম Khaleej Times এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুবাই এর উম্ম রামুল এলাকায় গত ২৪ নভেম্বর একাধিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির কি-ফ্রেম বিশ্লেষণ করে লোকেশন যাচাই করা হয়। তুলনামূলক পর্যবেক্ষণে দেখা যায়, দুবাইয়ের আল রাবাত সড়কের গুগল স্ট্রিট ভিউ এর দৃশ্যমান স্থাপনা ও অবকাঠামোর সঙ্গে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যম CNN, Reuters এবং The Guardian সহ একাধিক সংবাদমাধ্যমে ইসরায়েলের ওপর ইরানের হামলার খবর ও সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতির দৃশ্য প্রকাশিত হচ্ছে (,,)। তবে সেসব প্রতিবেদনে প্রকাশিত ছবি বা ভিডিওর সঙ্গে বর্তমানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কোনো সাদৃশ্য পাওয়া যায়নি।

সুতরাং, তেল আবিবে ইরানের হামলার দৃশ্য দাবিতে দুবাইয়ের একটি পুরোনো অগ্নিকাণ্ডের ঘটনা প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: