ডাকসু নেত্রী তামান্না বিয়ের আগেই মা হয়েছেন দাবিতে জাগো নিউজের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘বিয়ের আগেই মা হলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না’ শীর্ষক তথ্যে বা শিরোনামে জাগো নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিয়ের আগেই মা হলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না’ শিরোনামে জাগো নিউজ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, জাগো নিউজের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাগো নিউজের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৩ নভেম্বর, ২০২৫ উল্লেখ থাকতে দেখা যায়।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে জাগো নিউজের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি জাগো নিউজের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, জাগো নিউজ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ফন্টের মধ্যেও অমিল লক্ষ্য করা যায়।

এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য জাগো নিউজের নিউজ এডিটর মো. মাহবুব আলম রনির সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ‘এমন কোনো সংবাদ বা ফটোকার্ড জাগো নিউজ করেনি। এমনকি সাবিকুন্নাহার তামান্না মা হওয়া সংক্রান্ত কোনো নিউজও জাগো নিউজ করেনি।’

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সিনেট সদস্য, ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং ঢাবি শাখার ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছেন। সাবিকুন্নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সংসারও সামলাচ্ছেন তিনি। ১ বছর বয়সী এক সন্তানের জননী তামান্না এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন।

সুতরাং, ‘বিয়ের আগেই মা হলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না’ শিরোনামে জাগো নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: