বাংলাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি দাবিতে তুরস্কের পুরোনো ছবি প্রচার 

২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে দেশের বেশ কয়েকটি জায়গায় ভবনে ফাটল ও ভবন হেলে পড়ার খবর জানা গেছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনে একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে পাকিস্তানি গণমাধ্যম ‘Pakistan TV’ এর সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে প্রচারিত পোস্ট দেখুন এক্স(আর্কাইভ ), ফেসবুক  (আর্কাইভ )।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশের ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনের নয় এবং এটি বাংলাদেশেরও ছবি নয়। প্রকৃতপক্ষে, তুরস্ক ও সিরিয়া সীমান্তে ২০২৩ সালের ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত ভবনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Unsplash’ নামক স্টক ইমেজ ওয়েবসাইটে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি আলোকচিত্রী চাগলার ওস্কে কর্তৃক প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত ছবির বিবরণীতে দাবি করা হয়, এটি ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কে হওয়া ভুমিকম্পে দেশটির ইস্কেন্দেরুনে ধসে পড়া ভবনের ছবি।

ছবিতে থাকা ‘Mursaloğlu Cam Balkon’ নামক দোকানের সাইনবোর্ডের সূত্র ধরে গুগল ম্যাপে জিও লোকেশন বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি তুরস্কের হাতায় শহরের ইস্কেন্দেরুনে অবস্থিত।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়েটার্সের ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু অ্যাপার্টমেন্ট ব্লক।

সুতরাং, ২০২৩ সালে তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ছবিকে বাংলাদেশে গত ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: