‘চালের দাম বেড়ে গেলে ভাত কম খাবেন’ শীর্ষক মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা 

সম্প্রতি, ‘চালের দাম বেড়ে গেলে ভাত কম খাবেন’ শিরোনামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চালের দাম বেড়ে গেলে ভাত কম খেতে বলে মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gorom TV’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ৬ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে।

‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটির সমস্ত কন্টেন্ট কেবল ব্যঙ্গ এবং বিনোদনের উদ্দেশ্যে। এটি বাস্তব বা বাস্তব সংবাদের উৎস নয়। আমরা হাস্যরস এবং প্যারোডির মাধ্যমে সংবাদ উপস্থাপন করি।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে দেশের গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা। তবে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

সুতরাং, মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্ধৃত করে ‘চালের দাম বেড়ে গেলে ভাত কম খাবেন’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: