‘গণভোট বাতিল হলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী’ এমন মন্তব্য করেননি ইসি সচিব

সম্প্রতি নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এর ছবি ব্যবহার করে এবং তাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি অনুযায়ী তিনি বলেছেন, ‘গন ভোট বাতিল হলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত দাবি দেখুন: ইনস্টাগ্রাম, থ্রেডস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ইসি সচিব করেননি। বরং নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে এ বক্তব্যটি প্রচার করা হয়েছে।

এ সংক্রান্ত পোস্টে দাবি করা হয়েছে, সংবাদ সম্মেলনে ইসি সচিব এমন মন্তব্য করেছেন। তবে বিশ্বস্ত কোনো সূত্রেই তার এ ধরনের বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। দাবির সঙ্গে একটি সংবাদ সম্মেলনের ছবিও যুক্ত করা হয়েছে। ছবিটি যাচাই করে দেখা যায়, ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ফাইল ছবি হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, ছবিটি সেদিনের না হয়ে এর আগের কোনো সময়েরও হতে পারে।

এর একদিন আগে ৯ ফেব্রুয়ারি ঢাকা পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনেও ছবিটির অনুরূপ একটি ছবি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি সেদিন সময় টিভিতে প্রচারিত ইসি সচিবের প্রেস ব্রিফিংয়ের লাইভ ভিডিওতে দেখা যায়, তার পরিহিত পোশাকের সঙ্গে আলোচিত ছবির মিল রয়েছে।

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। ফলে আলোচিত ছবিটি নির্বাচনের আগের সময়ের।

এছাড়া সাম্প্রতিক কোনো প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন কি না তা জানতে অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ওয়েবসাইটে ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে জানানো হয়, সেদিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানান। তবে ওই প্রতিবেদনেও আলোচিত মন্তব্যের কোনো উল্লেখ নেই।

বিষয়টি আরও নিশ্চিত হতে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মো. রুহুল আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, ইসি সচিব এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, ইসি সচিবকে উদ্ধৃত করে ‘গণভোট বাতিল হলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: