ইডেন কলেজ ছাত্রলীগের লকডাউন কর্মসূচির ভিডিও দাবিতে পুরোনো ভিডিও প্রচার

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে দলটির কর্মী-সমর্থকরা। এর প্রেক্ষিতে সেদিন সন্ধ্যায় উক্ত কর্মসূচির অংশ হিসেবে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার ক্যাম্পাস ত্যাগে বিরোধী অংশের নেতাকর্মীদের আনন্দ মিছিলের ২০২২ সালের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Lines For You নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পর্যালোচনায় দেখা যায়, ভিডিওটির ২০ সেকেন্ড থেকে ২৬ সেকেন্ডের ফুটেজের হুবহু মিল রয়েছে।

তবে স্লোগানের ক্ষেত্রে সময়ের কিছুটা হেরফের দেখা গেলেও প্রাপ্ত ভিডিওরটির কিছুটা আগেই আলোচিত ভিডিওর স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, ভিডিওটি সেদিন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে ক্যাম্পাস ছাড়া করানোর পর আনন্দ মিছিলের ভিডিও।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে সমকালের স্টাফ রিপোর্টার Zakaria Ibn Yusuf এর ফেসবুক পেজে ২০২২ সালে ২৫ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজের একই মিছিলের একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামেও একই তথ্য পাওয়া যায়। এছাড়াও অনলাইন গণমাধ্যম জাগো নিউজের ইউটিউব চ্যানেলেও একই আনন্দ মিছিলের ভিডিওর সন্ধান পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পরবর্তীতে জানা যায়, সিটবাণিজ্য, চাঁদাবাজি ও ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়াকে সেসময় ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রলীগের আরেক অংশ। এঘটনায় সেদিন রাতেই সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় তাদের। এতে রিভা ও রাজিয়াসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরবর্তীতে চিকিৎসার জন্যে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের ক্যাম্পাস ছাড়ার ঘটনায় পরবর্তীতে ছাত্রলীগের বিরোর্ধী অংশ ক্যাম্পাসে আনন্দ মিছিল করে। উক্ত আনন্দ মিছিলের ভিডিওটিই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের পুরোনো মিছিলের ভিডিওকে আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে একই কলেজের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: