ইডেন শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে গণমাধ্যমের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন এক দল শিক্ষার্থী। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বের হয়ে এসে বিক্ষোভ করেন তারা। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “বেগুন লাগলে বেগুন নে গুপ্ত রাজনীতি ছেড়ে দে বলে ইডেন শিক্ষার্থীদের বিক্ষোভ!” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বেগুন লাগলে বেগুন নে গুপ্ত রাজনীতি ছেড়ে দে বলে ইডেন শিক্ষার্থীদের বিক্ষোভ!” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১০ মে, ২০২৬’ উল্লেখ রয়েছে।
কালের কণ্ঠের লোগোর সূত্র ধরে পত্রিকাটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১০ মে ‘গুপ্ত’ বলা যাবে না’ ইডেনে শিক্ষার্থীদের বিক্ষো/ভ! শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটিতে ‘গুপ্ত’ বলা যাবে না’ ইডেনে শিক্ষার্থীদের বিক্ষো/ভ!’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘বেগুন লাগলে বেগুন নে গুপ্ত রাজনীতি ছেড়ে দে বলে ইডেন শিক্ষার্থীদের বিক্ষোভ!’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফটোকার্ড দুইটির ফন্ট ডিজাইনেও খানিকটা অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া কালের কণ্ঠের ভিডিওতে শিক্ষার্থীদের বিক্ষোভের একটি ভিডিও পাওয়া যায়। এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে বেগুন লাগলে বেগুন নে গুপ্ত রাজনীতি ছেড়ে দে বলতে শোনা যায়নি।

সুতরাং, ‘বেগুন লাগলে বেগুন নে গুপ্ত রাজনীতি ছেড়ে দে বলে ইডেন শিক্ষার্থীদের বিক্ষোভ!’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: