সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নারীর একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ যত গভীর, ইডেন মহিলা কলেজ এর লাল বাহিনীর চেতনা তত’প্রখর!’
অর্থা, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি ইডেন মহিলা কলেজের দুই নারীর মারামারির দৃশ্যের।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে মারামারিরত নারীরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নন। প্রকৃতপক্ষে, এটি মেক্সিকোতে দুই নারীর মারামারির ভিডিও।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘TeleTomas’ নামক একটি ফেসবুক পেজে গত ৯ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে পোস্টটিতে বলা হয়, এটি মেক্সিকোর ইউকাতানের চুমায়েলে দুই নারীর মারামারির দৃশ্যের।

অনুসন্ধানে মেক্সিকো ভিত্তিক সংবাদমাধ্যম ‘টিভি আজটেকা ইউকাতান’ এর ওয়েবসাইটেও আলোচিত দৃশ্যের বিষয়ে গত ৪ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘ইউকাতানের চুমায়েল লোকালয়ে একটি ঐতিহ্যবাহী উৎসব চলাকালীন দুই নারীর মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। একটি পুরনো প্রেমের সম্পর্ক বা প্রাক্তন সঙ্গীকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ থেকে এই ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। টিভি আজটেকা ইউকাতান এই খবরটি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উৎসবের ভিড় এবং চারপাশের আবর্জনার মধ্যেই দুই নারী প্রথমে কথা কাটাকাটিতে লিপ্ত হন এবং পরে একে অপরকে ধাক্কাধাক্কি ও চুল টানাটানি শুরু করেন। স্থানীয় সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দুই নারীর এক সাধারণ প্রাক্তন সঙ্গীকে কেন্দ্র করে চলমান বিবাদই এই সংঘর্ষের মূল কারণ।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
এছাড়াও, আলোচিত দৃশ্যের বিষয়ে মেক্সিকো ভিত্তিক সংবাদমাধ্যম ‘লা ই নোটিশিয়াস’ এ গত ৫ মে তারিখে প্রকাশিত এক প্রতিবেদনেও বলা হয়, এটি মেক্সিকোর ইউকাতান রাজ্যের চুমায়েলে ঘটা মারামারির দৃশ্য।
সুতরাং, ইডেন মহিলা কলেজের দুই নারীর মারামারির দৃশ্য দাবিতে মেক্সিকোর ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- TeleTomas – Facebook Post
- TV Azteca Yucatan – VIDEO VIRAL: Protagonizan tremenda PELEA por su EX en plena fiesta patronal de Chumayel
- La I Noticias – Fiesta patronal en Chumayel se ve opacada por riñas y desorden; cuestionan falta de seguridad
- Rumor Scanner’s analysis


