‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’ দাবিতে আমার দেশের মুদ্রিত সংস্করণ সম্পাদিত করে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদমাধ্যম আমার দেশের মুদ্রিত সংস্করণের পত্রিকার প্রথম পাতা সদৃশ একটি ছবি প্রচার করা হয়েছে। ছবিটির একটি সংবাদের শিরোনাম ‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’। এছাড়াও, শিরোনামের নিচে আরো লেখা রয়েছে, ‘গণঅভ্যুত্থানের পর মববাজি করে ব্যাংক দখল করেছে জামায়াতের গুন্ডাবাহিনী, নির্বাচনকে কেন্দ্র করে বিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে জামায়াত, সাধারণ গ্রাহকের দাবি, ব্যাংক আসল মালিকের হাতে ফিরে যাক’। ছবিটি আমার দেশের মুদ্রিত সংস্করণের আসল ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’ শিরোনামে আমার দেশের মুদ্রিত সংস্করণের পত্রিকা দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন’ শিরোনামের ভিন্ন একটি প্রতিবেদন শিরোনাম ও হাইলাইট/উপ-শিরোনাম সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিতে আমার দেশের লোগোর সংযুক্তি পাওয়া যায়। এরই সূত্র ধরে আমার দেশের ওয়েবসাইটে সাম্প্রতিক সময়ে প্রকাশিত সব পত্রিকার ই-পেপার সংস্করণ পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে গত ২০ এপ্রিলের আমার দেশ পত্রিকার দ্বিতীয় সংস্করণের সাথে আলোচিত দাবিতে প্রচারিত পত্রিকার ছবির তুলনা করলে ‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’ শীর্ষক কথিত শিরোনাম ও হাইলাইট ব্যতীত বাকী উপাদানের মিল পাওয়া যায়।

আমার দেশের পত্রিকার মূল সংস্করণে ‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’ এর বদলে ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন’ লেখা পাওয়া যায়। এবং ‘গণঅভ্যুত্থানের পর মববাজি করে ব্যাংক দখল করেছে জামায়াতের গুন্ডাবাহিনী, নির্বাচনকে কেন্দ্র করে বিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে জামায়াত, সাধারণ গ্রাহকের দাবি, ব্যাংক আসল মালিকের হাতে ফিরে যাক’ শীর্ষক লেখার জায়গায় ‘ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলমপন্থিদের সমাবেশ, ব্যাংকটি আগের মালিকদের কাছে ফেরত দেওয়ার দাবি, এস আলমকে গ্রেপ্তারের দাবি আমানতকারীদের’ লেখা পাওয়া যায়।

এছাড়াও, প্রচারিত ছবিতে বিস্তারিত অংশ অস্পষ্ট করা হলেও শব্দ সংখ্যা ও আকারের সাথেও আমার দেশের ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন’ শিরোনামের প্রতিবেদনের মিল পাওয়া যায়৷ পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’ শিরোনামে সম্প্রতি আমার দেশের এরূপ কোনো প্রতিবেদন প্রকাশ করার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন’ শিরোনামের মূল প্রতিবেদনটির শিরোনাম ও হাইলাইট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘মালিকানা ছাড়া জামায়াতের দখলে ইসলামী ব্যাংক’ শিরোনামে আমার দেশ সংবাদ প্রকাশ করেছে দাবিতে প্রচারিত পত্রিকার ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: