‘পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন’ শীর্ষক মন্তব্য করেননি মাহমুদুর রহমান

গত ২৮ এপ্রিল পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানো শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের ছবি সংযুক্ত করে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে, মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতের ষড়যন্ত্রে ৭১ সালে, পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন এবং পারমাণবিক বোমার মালিক হতাম আমরা।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ভারতের ষড়যন্ত্রে ৭১ সালে, পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন’ শীর্ষক মন্তব্য করেননি মাহমুদুর রহমান এবং এরূপ দাবিতে আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২৮ এপ্রিল, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
তবে, গত ২২ এপ্রিলে মাহমুদুর রহমানের মন্তব্য হিসেবে “মন্ত্রীরা লিটারে ২০ টাকা দাম বাড়ানোটাকে ‘সামান্য মূল্যবৃদ্ধি’ হিসেবে অভিহিত করায় জনগণ অধিকতর আতঙ্কিত হয়েছে। লিটারে কত টাকা দাম বাড়লে মন্ত্রীদের বিবেচনায় সেটা আর সামান্য থাকবে না, তা আমাদের জানা নেই” শীর্ষক লেখা সংবলিত একটি ফটোকার্ড আমার দেশের ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে ফটোকার্ড দুইটির তারিখ ও তারিখ লেখা ফন্টের পার্থক্য দেখা যায়। এছাড়া, মন্তব্য লেখার ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটি একটি মন্তব্য প্রতিবেদন যেটি দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান লিখেছেন। মন্তব্য প্রতিবেদনটিতে তিনি বিএনপি সরকার, সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, দেশের পরিস্থিতিসহ নানা বিষয়ে কথা বলেন। তবে তাতে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
সুতরাং, ‘ভারতের ষড়যন্ত্রে ৭১ সালে, পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন’ শীর্ষক মন্তব্য মাহমুুদুর রহমান করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Post

