আ.লীগ নেতাকর্মীদের ফেরা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘তারেক রহমানের পক্ষথেকে গ্রীসিগনাল সিমান্ত দিয়ে ফিরছে আওয়ামী লীগ’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের পক্ষথেকে গ্রীসিগনাল সিমান্ত দিয়ে ফিরছে আওয়ামী লীগ’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো এবং প্রকাশের তারিখ ১০ মার্চ ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সেদিন উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

তবে একই তারিখে আমার দেশের ফেসবুক পেজে ‘সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

আমার দেশের মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে থাকা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জেলায় দলের নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী শিবিরে প্রাণ ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢুকছেন। গত কয়েক দিন কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী অবৈধভাবে ভারতে অবস্থান নেন। এখন বিএনপি সরকার গঠনের পর তারা অবৈধভাবেই বাংলাদেশে ঢুকছেন। কারণ হাতে গোনা কয়েকজনের পাসপোর্ট থাকলেও বেশির ভাগ নেতাকর্মীরই পাসপোর্ট নেই। এ জন্য তারা কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দেশে ফেরার চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকজন নেতা ও কর্মী দেশে ফিরেছেন।’

প্রতিবেদনটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশের প্রবেশ চেষ্টার বিষয়ে উল্লেখ থাকলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ভূমিকা বা ইশারা প্রদানের কথা উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, আমার দেশের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং ‘তারেক রহমানের পক্ষথেকে গ্রীসিগনাল সিমান্ত দিয়ে ফিরছে আওয়ামী লীগ’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: