নির্বাচন নিয়ে অর্থ উপদেষ্টার মন্তব্য দাবিতে বাংলা ট্রিবিউনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘হাজারো মানুষের বুকের তাজা রক্ত আর কোটি মানুষের আর্তনাদ-এত এত ত্যাগের পরও যদি আগামী নির্বাচনে ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা আবার ক্ষমতায় ফিরে আসে, তবে জুলাই আন্দোলনের সব আত্মত্যাগই ব্যর্থ হয়ে যাবে’ শীর্ষক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে বাংলা ট্রিবিউন’র লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাজারো মানুষের বুকের তাজা রক্ত আর কোটি মানুষের আর্তনাদ-এত এত ত্যাগের পরও যদি আগামী নির্বাচনে ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা আবার ক্ষমতায় ফিরে আসে, তবে জুলাই আন্দোলনের সব আত্মত্যাগই ব্যর্থ হয়ে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ করেননি এবং উক্ত শিরোনামে বাংলা ট্রিবিউনও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সালেহউদ্দিন আহমেদকে নিয়ে প্রকাশিত বাংলা ট্রিবিউনের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা ট্রিবিউনের লোগো এবং এটি প্রকাশের তারিখ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে বাংলা ট্রিবিউন’র ফেসবুক পেজে ৩ ফেব্রুয়ারি অর্থ উপদেষ্টার বক্তব্যে সংবলিত ‘টিআইবির দিব্যদৃষ্টি নেই, তারা সিবকিছু চোখে দেখে না : অর্থ উপদেষ্টা’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘হাজারো মানুষের বুকের তাজা রক্ত আর কোটি মানুষের আর্তনাদ-এত এত ত্যাগের পরও যদি আগামী নির্বাচনে ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা আবার ক্ষমতায় ফিরে আসে, তবে জুলাই আন্দোলনের সব আত্মত্যাগই ব্যর্থ হয়ে যাবে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘টিআইবির দিব্যদৃষ্টি নেই, তারা সিবকিছু চোখে দেখে না : অর্থ উপদেষ্টা’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলা ট্রিবিউন’র ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারের বাস্তব সংস্কার কার্যক্রম দেখতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “টিআইবির লোকজন সব কিছু চোখে দেখতে পারে না। তাদের তো দিব্যদৃষ্টি নেই বা ভালো দৃষ্টিও নেই।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “আমি টিআইবির বদনাম করছি না, তবে আমি বলি—যেগুলো ফান্ডামেন্টাল জিনিস, সেগুলো একটু দেখুন। আর না দেখার ইচ্ছা থাকলে তো অনেক কিছুই করা যায়। আমি কিন্তু কোনোদিন আলতু-ফালতু কথা বলে কাউকে ক্রিটিসাইজ করিনি, সবসময় বেসিক জিনিসের ওপর কথা বলেছি।”
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘হাজারো মানুষের বুকের তাজা রক্ত আর কোটি মানুষের আর্তনাদ-এত এত ত্যাগের পরও যদি আগামী নির্বাচনে ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা আবার ক্ষমতায় ফিরে আসে, তবে জুলাই আন্দোলনের সব আত্মত্যাগই ব্যর্থ হয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলা ট্রিবিউন’র নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangla Tribune : Facebook Post
- Bangla Tribune : Website
- Bangla Tribune : টিআইবির দিব্যদৃষ্টি নেই, তারা সিবকিছু চোখে দেখে না : অর্থ উপদেষ্টা

