ছাত্রদল ও বিএনপি নেশা খেয়ে মেয়েদের ধর্ষণ করে শীর্ষক মন্তব্য করেননি বুলু, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যম বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ছাত্রদল ও বিএনপি নেশা খেয়ে মেয়েদের ধর্ষণ করে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ছাত্রদল ও বিএনপি নেশা খেয়ে মেয়েদের ধর্ষণ করে : বুলু” শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলাভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলাভিশনের ওয়েবসাইট লিঙ্ক, অস্পষ্টভাবে বাংলাভিশনের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৫ মে ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

এরই সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বাংলাভিশনের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ৫ মে “জামায়াতে ইসলাম মাদকের চেয়েও ডেঞ্জারাস: বুলু” শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘জামায়াতে ইসলাম মাদকের চেয়েও ডেঞ্জারাস: বুলু’ বাক্যের পরিবর্তে ‘ছাত্রদল ও বিএনপি নেশা খেয়ে মেয়েদের ধর্ষন করে : বুলু’ বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, বাংলাভিশনের উক্ত ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, “ছাত্রদল ও বিএনপি নেশা খেয়ে মেয়েদের ধর্ষন করে : বুলু” শীর্ষক দাবিতে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: