ভোট কিনতে বিকাশ নাম্বার চাওয়ায় মিরপুরে জামায়াতকে গণধোলাই দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ভোট কেনার কথা বলে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার চাওয়ায় মিরপুরে জনসাধারণ কর্তৃক জামায়াতকে গণধোলাইয়ের ব্যবস্থা, পরে মাফ চেয়ে ছাড়া পায় জামায়াত’ শীর্ষক শিরোনামে বার্তা বাজারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘ভোট কেনার কথা বলে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার চাওয়ায় মিরপুরে জনসাধারণ কর্তৃক জামায়াতকে গণধোলাইয়ের ব্যবস্থা, পরে মাফ চেয়ে ছাড়া পায় জামায়াত’ শিরোনামে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বার্তা বাজারের লোগো আছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২১ জানুয়ারি উল্লেখ আছে। অনুসন্ধানে বার্তা বাজারের ফেসবুক পেজে গত ২১ জানুয়ারিতে প্রকাশিত মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শীর্ষক শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম এবং লেখার ফন্টে ভিন্নতা রয়েছে। তবে ফটোকার্ডে ব্যবহৃত মিছিলের ছবিটির মিল রয়েছে। অর্থাৎ, বার্তা বাজারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত বার্তা বাজারের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ জানুয়ারী রাতে রাজধানীর মিরপুরে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বের হওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা হয়। মিছিলে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান দলটির ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন।

সুতরাং,‘ভোট কেনার কথা বলে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার চাওয়ায় মিরপুরে জনসাধারণ কর্তৃক জামায়াতকে গণধোলাইয়ের ব্যবস্থা, পরে মাফ চেয়ে ছাড়া পায় জামায়াত’ শিরোনামে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: