সরকার পতনের আন্দোলনের ইঙ্গিত পেয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “ব্যার্থ সরকার পতনের আন্দোলনের ইংগিত পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জরুরি বৈঠকে বসেছে” শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ব্যার্থ সরকার পতনের আন্দোলনের ইংগিত পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জরুরি বৈঠকে বসেছে” শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৩ এপ্রিল ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
এরই সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট এও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২৩ এপ্রিলে “প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক” শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক’ বাক্যের পরিবর্তে ‘ব্যার্থ সরকার পতনের আন্দোলনের ইংগিত পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জরুরি বৈঠকে বসেছে’ বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে। পাশাপাশি, চ্যানেল২৪ এর ফটোকার্ডের শিরোনামে সাধারণত দাঁড়ির সংযুক্তি থাকে না কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের শিরোনামে দাঁড়ির সংযুক্তি পাওয়া যায়।

Photocard Comparison by Rumor Scanner
অর্থাৎ, চ্যানেল২৪ এর উক্ত ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, “ব্যার্থ সরকার পতনের আন্দোলনের ইংগিত পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জরুরি বৈঠকে বসেছে” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel24 – Facebook Post

