তারেক রহমানের নির্দেশে বাড়িঘরে হামলার দাবিতে দেশ টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘তারেক রহমানের অনুমতিতে সারাদেশে একযোগে জামাত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে বিএনপি’ শীর্ষক বুদ্ধিজীবী ফোরামের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে দেশ টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের অনুমতিতে সারাদেশে একযোগে জামাত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে বিএনপি’ শীর্ষক শিরোনামে দেশ টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দেশ টিভির ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দেশ টিভির নাম উল্লেখ রয়েছে। এর সূত্রে দেশ টিভির ফেসবুক পেজে ১৩ ফেব্রুয়ারি ‘রণক্ষেত্র মুন্সীগঞ্জ, নিহত ১’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ‘তারেক রহমানের অনুমতিতে সারাদেশে একযোগে জামাত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে বিএনপি’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘রণক্ষেত্র মুন্সীগঞ্জ, নিহত ১’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দেশ টিভির ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত জেলা সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা ও সহোদর মশিউর রহমান আহত হয়েছেন।
সুতরাং, ‘তারেক রহমানের অনুমতিতে সারাদেশে একযোগে জামাত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দেশ টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Desh tv : Facebook Post
- Desh tv : Website
- Desh tv : রণক্ষেত্র মুন্সীগঞ্জ, নিহত ১

