চট্টগ্রামে সংঘর্ষের প্রেক্ষিতে সরকার পতনের আন্দোলনের ডাক না দেওয়ার অনুরোধ জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী, গণমাধ্যমের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ২১ এপ্রিল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গত ২২ এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি সংযুক্ত করে “স্বরাষ্ট্র মন্ত্রীর জরুরী বৈঠক- সরকার পতনের আন্দোলন না ডাক দেয়ার আহবান। ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে” শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড অনলাইনে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে সংঘর্ষের প্রেক্ষিতে সরকার পতনের আন্দোলনের ডাক না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষক তথ্য বা শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একাত্তর টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২২ এপ্রিল ২০২৬ উল্লেখ রয়েছে।
একাত্তর টিভির লোগোর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও একাত্তর টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২২ এপ্রিলে “বোরো মৌসুমে ১৮ লাখ টনের বেশি খাদ্যশস্য কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে মূল ফটোকার্ডটিতে ‘বোরো মৌসুমে ১৮ লাখ টনের বেশি খাদ্যশস্য কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী’ লেখা থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ‘স্বরাষ্ট্র মন্ত্রীর জরুরী বৈঠক- সরকার পতনের আন্দোলন না ডাক দেয়ার আহবান। ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে’ লেখা হয়েছে। এছাড়া, উক্ত বাক্যগুলোর ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একাত্তর টিভির ফটোকার্ড পোস্টটির মন্তব্য সেকশনে থাকা লিঙ্কের প্রতিবেদনে বলা হয়, আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এ সময় মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে কমিটির সভাপতি হিসেবে তিনি এসব তথ্য জানান।
তবে প্রতিবেদনটিতে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, চট্টগ্রামে সংঘর্ষের প্রেক্ষিতে সরকার পতনের আন্দোলনের ডাক না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষক দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekattor – Facebook Post
- Ekattor – বোরো মৌসুমে ১৮ লাখ টনের বেশি খাদ্যশস্য কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- Rumor Scanner’s analysis

